নিজস্ব প্রতিবেদক:
নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ বহুদিন পর পুনরায় চালু হলো। দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর মান্নার স্ত্রী শেলী মান্না এই প্রতিষ্ঠানটির হাল ধরেছেন। প্রতিষ্ঠানটির প্রযোজনায় শুরু হয়েছে ‘জ্যাম’ ছবির শুটিং। ছবির শুটিংয়ের শুরুতেই ধারণ করা হয় সুব্রত ও রেবেকার একটি সড়ক দুর্ঘটনার দৃশ্য।
প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী ‘জ্যাম’ শিরোনামে ছবিটির গল্প লিখেছেন। ছবিটির পরিচালনায় রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
কয়েকটি ফ্লাশব্যাক দৃশ্য ধারণ করা হচ্ছে এখন বলে জানালেন এই ছবির প্রধান সহকারী পরিচালক রাইসুল ইসলাম রনি। আগামী ১ ডিসেম্বর থেকে টানা শুটিং করার চিন্তা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে। এখন লোকেশনগুলো নির্ধারণ করছি। আশা করি টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব।
চিত্রনায়ক মান্নাকে নিয়ে আরও নিউজ :
⇒ এপ্রিলে নায়ক মান্না স্মরণে ‘মান্না জন্মোৎসব’
⇒ চিত্রনায়ক মান্না’র ১১তম মৃত্যুবার্ষিকী
এর আগে এফ আই মানিক ১০ বছর আগে ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘পিতা মাতার আমানত’। সেটাই ছিল মান্নার এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শেষ সিনেমা। মান্নার মৃত্যুর পর আর কোনো ছবি নির্মাণ হয়নি এই প্রযোজনা সংস্থা থেকে।
প্রতিষ্ঠানটি থেকে নির্মাণ করা হয়েছে আব্বাজান, লুটতরাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, লাল বাদশা, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা মাতার আমানত।