নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘ই-ভ্যালি সেলুলয়েডে ৭১’ শিরোনামের এ আয়োজন ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষেই এ আয়োজন করা হয়েছে। রাজধানীর শাহবাগের জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান।
আর খবর :
⇒ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ৪৭ বছর
উৎসবে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের উপর নির্মিত ৭টি সিনেমা। চাষী নজরুল ইসলাম নির্মিত ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’, নাসিরুদ্দিন ইউসুফের ‘গেরিলা’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ এ উৎসবে প্রদর্শিত হবে।
এছাড়াও প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’, ‘একজন মুক্তিযোদ্ধা’ ও ‘নট আ পেনি নট আ গান’ উৎসবে দেখানো হবে। এদিকে দিলদার হোসেনের ‘দহনবেলা’ ছবিটি প্রদর্শনীতে ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হবে।
উৎসবের মিডিয়া স্পন্সর ডিবিসি নিউজ, রেডিও ধ্বনি ও অর্থকড়চা। কো-স্পন্সর এক্সিম ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইনস আছে এয়ারলাইন্স পার্টনার হিসেবে।