গ্র্যামি মনোনয়নে ইতিহাস গড়লেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কে-পপ জগতের জনপ্রিয় মুখ ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজ এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন। ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ঘোষণার সময় টিভি পর্দায় নিজের নাম শুনেই আবেগে ভেসে যান তিনি। উচ্ছ্বাস প্রকাশ করে রোজ বলেন, “আমি এখনো বিশ্বাসই করতে পারছি না! যেন স্বপ্ন দেখছি।”
গত ৭ নভেম্বর ঘোষিত তালিকায় রোজের নাম উঠেছে এক নয়, তিনটি বিভাগে—রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স। এ সাফল্যের মধ্য দিয়ে তিনি গ্র্যামি ইতিহাসে জায়গা করে নেওয়া প্রথম দক্ষিণ কোরীয় নারী শিল্পী হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করলেন।
তার এই কৃতিত্ব সম্ভব হয়েছে আলোচিত গান ‘আপাতে’-এর মাধ্যমে, যেখানে রোজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। গানটি ছিল তার প্রথম একক অ্যালবাম ‘রোজি’-র অংশ, যা প্রকাশের পর থেকেই ইউটিউব থেকে বিলবোর্ড—সব প্ল্যাটফর্মেই দারুণ জনপ্রিয়তা পায়।
বছরজুড়ে ভক্তদের প্রত্যাশা ছিল, রোজ এবার গ্র্যামিতে জায়গা পাবেনই। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। এখন সবার নজর তার দিকেই—ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার, দোয়েচি, বিলি আইলিশ, লেডি গাগা ও কেনড্রিক লামারের মতো তারকাদের টপকে রোজ কি এবার সত্যিই গ্র্যামি জিততে পারবেন? কে-পপের ইতিহাসে সেটি হবে আরেক অনন্য মাইলফলক।