‘হাওয়া’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নির্মাণ করেছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তিনি প্রকাশ্যে আনলেন তার সিনেমার ট্রেলার।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘রইদ’র ট্রেলার। মুক্তির আগেই ছবিটি পেয়েছে ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জন। সে খবর বিজয় দিবসের দিনেই প্রকাশ করেছেন নির্মাতা।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’র ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমা ‘রইদ’।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনঃনির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।