ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ বলছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এটি ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলেও মন্তব্য করেন তিনি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার বিষয়ে সরকার ‘কাজ করছে’ বলেও জানান তিনি।
সিঙ্গাপুরের হাসপাতালে ইনকিলাব কালচারাল সেন্টারের কর্ণধার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে একদল লোক কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। রাত দেড়টার দিকে আরও একদল বিক্ষোভকারী ধানমন্ডিতে ছায়নটের সাততলা ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
ছায়ানট পরিদর্শন শেষে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে। এই ভবনে হামলা চালানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। আমি ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপন করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায় এ ব্যাপারে আর্থিক সহায়তাসহ সরকার সব ধরনের সহায়তা দেবে। ছায়ানট পরিচালনা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন।’
‘এই ভবনের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমি উপদেষ্টা পরিষদের অন্যান্যদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি,’ বলেন তিনি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অবশ্যই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। আজ আমাদের কথা বলার কথা শহীদ ওসমান হাদিকে নিয়ে। আজ আমাদের শোকাতুর হওয়ার কথা। প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা করেছে? যারা করেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।’