জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা। ছায়ানটে হামলার ঘটনায় তারা এ প্রতিবাদে অংশ নেন। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করেন তারা।
রাতে ছায়ানটে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে এটি তাদের তাৎক্ষণিক প্রতিবাদ-এমনটা জানিয়েছেন প্রতিবাদকারীরা। এ সময় তারা ছায়ানটে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। কেউ কেউ প্ল্যাকার্ড হাতেও দাঁড়িয়েছিলেন এ সময়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এই প্রতিবাদী আয়োজনে অংশ নিয়ে জানিয়েছেন, ছায়ানটে হামলার পর থেকেই অনেকে উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে ছায়ানটে এসেছেন। আমরাও এসেছি। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা গান গেয়ে প্রতিবাদ জানিয়েছি। তিনি দাবি জানান দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার।
এদিকে বেলা আড়াইটার দিকে ছায়ানট ভবন পরিদর্শনে এসে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন উপদেষ্টা।