কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোকপালন শেষে রোববার থেকে খুলবে শিল্পকলা একাডেমি। চলবে অনুষ্ঠান ও প্রদর্শনী। ২০ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ৩টায় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিল্পকলা একাডেমির ফেইসবুক পোস্টে বলা হয়েছে, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে নিয়মিত চলবে। একাডেমি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।”
এর আগে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ‘শোক দিবস’ ও ‘অনিবার্য’ কারণ উল্লেখ করে ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ সকল অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছিল শিল্পকলা একাডেমি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে মর্মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা হয়।
সরকার ঘোষিত শোক দিবস শনিবার হলেও শুক্রবার থেকেই শিল্পকলায় হুট করেই ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ সব অনুষ্ঠান স্থগিত করা হয়। এমনকি নাটকের নিয়মিত প্রদর্শনীও স্থগিত করা হয়। বন্ধ হয়ে যায় নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজনও।
শুক্রবার নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা ২০২৫’ উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পকলার সিদ্ধান্তের কারণে সেই উৎসবটি স্থগিত করার ঘোষণা দেন নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ।
শুক্রবার এক ফেইসবুক পোস্টে তপন হাফিজ লিখেছেন, শিল্পকলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী নাট্যোৎসবটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হলে উৎসবের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সবার কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
নাট্যদল ‘অবলোকন’ মঞ্চে এনেছে নতুন নাট্যপ্রযোজনা ‘গন্ধসূত্র’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। শুক্রবার সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা ছিল একই মিলনায়তনে। কিন্তু শুক্রবার শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনীর জন্য মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় দ্বিতীয় প্রদর্শনীটি করা সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হওয়ার কথা ছিল ‘থিয়েটার সার্কেল’ প্রযোজিত নাটক ‘নকশি কাঁথার মাঠ’। কবি জসীমউদ্দীনের লেখা থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। এক ফেইসবুক পোস্টে থিয়েটার সার্কেল প্রদর্শনী স্থগিত হওয়ার কথা জানিয়েছে। এছাড়া দুটি নাট্যদল জাতীয় নাট্যশালার মহড়া কক্ষ বরাদ্দ নিয়েছিল বলে জানা গেছে। শিল্পকলার সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মহড়াও স্থগিত করা হয়েছে।
বড়দিনের ছুটিতে, ২৪ ও ২৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে নাট্যদল বটতলার প্রযোজনা ‘রাইজ আ্যান্ড শাইন’। এই নাটকের প্রদর্শনী নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।
বটতলার নাট্যকর্মী নাজিফা তাসনিম খান তিশা শিল্পকলার অনুষ্ঠান স্থগিতের বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট ফেইসবুকে শেয়ার করে শুক্রবার লিখেছেন, “আমাদের ২৪-২৫ তারিখ রাইজ অ্যান্ড শাইনের শো করার কথা। রাষ্ট্রীয় শোকের দিন কার্যক্রম বন্ধ রাখলেন বুঝলাম, তারপরে কী কারণে বন্ধ করলেন? ‘অনিবার্য’ কারণটা কী জানতে চাই? কিছু একটা হইলে সাংস্কৃতিক কার্যক্রমই কেন সবার আগে বন্ধ করতে হয়?”