নোলানের সিনেমা মানেই ভক্তদের জন্য দুর্দান্ত কিছু, যা রীতিমতো বিশ্বব্যাপী ঝড়ের আবহ তৈরি করে। আবার সেই সিনেমা যদি নির্মিত হয় হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে, তাহলে তো আগুনে ঘি ঢালার মতোই অবস্থা হবেই। সম্প্রতি গতকাল দিবাগত রাতে ইউনিভার্সাল প্রকাশ করেছে সিনেমাটির ১ মিনিট ৫৪ সেকেন্ডের প্রথম ট্রেলার, যা মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সিনেমার ট্রেলারে গ্রিক বীর ওডিসিয়াসের চরিত্রে দেখা গেছে ম্যাট ডেমনকে। ট্রয় যুদ্ধ শেষে ভয়ংকর সব বাধা পেরিয়ে নিজের দেশে ফেরার সংগ্রামই সিনেমার মূল কাহিনি। জাহাজডুবি, দানবের সঙ্গে লড়াই, অন্ধকার গুহা আর ট্রোজান হর্সের ভেতরের দৃশ্য ট্রেলারকে করেছে রোমাঞ্চকর।
১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, ওডিসিয়াস ও তাঁর সেনা দল জাহাজডুবির শিকার হচ্ছে এবং ভয়ংকর এক অভিযাত্রার মধ্য দিয়ে ঘরে ফেরার পথ খুঁজে নিচ্ছে। ট্রেলারের একাধিক দৃশ্যে ওডিসিয়াস ও তাঁর সেনাদের দেখা যায় কুখ্যাত ট্রোজান হর্সের ভেতরে।
এই দৃশ্য এর আগে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির আইম্যাক্স ৭০ মিমি প্রদর্শনের আগে দেখানো ছয় মিনিটের ক্লিপে আভাস হিসেবে তুলে ধরা হয়েছিল।
ট্রেলারে ওডিসিয়াসকে কখনো স্থলপথে হাঁটতে, কখনো সাগরে পাল তুলতে, আবার কখনো অন্ধকার গুহার ভেতর দিয়ে এগোতে দেখা যায়—একটি গুহায় ছায়ার ভেতর আবির্ভূত হয় এক বিশাল ও ভয়ংকর প্রাণী। একই সঙ্গে সংক্ষিপ্ত দৃশ্যে টম হল্যান্ডকে দেখা যায় ওডিসিয়াসের পুত্র টেলেম্যাকাসের ভূমিকায় এবং অ্যান হ্যাথাওয়েকে দেখা যায় তাঁর স্ত্রী পেনেলোপের চরিত্রে।
ডেমন ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিয়োঙ্গো, শার্লিজ থেরনসহ তারকাবহুল একটি দল। নোলান নিজেই চিত্রনাট্য লিখেছেন এবং এমা থমাসের সঙ্গে প্রযোজনাও করছেন। ইউনিভার্সাল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে নতুন আইম্যাক্স প্রযুক্তিতে শুটিং হয়েছে ছবিটির।
‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর নোলানের এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই