ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসরের বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘মাস্টার’। ৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের জন্য এই সুখবর এনে দিয়েছে ছবিটি।
নেদারল্যান্ডসের রটারডাম অনুষ্ঠিত এই উৎসবে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ছবিটির বেশকিছু শিল্পী অংশ নিয়েছেন। নির্মাতা নিজেই এই সুখবর দিয়েছেন।
পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছেন সিনেমাটির শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান।
ফেসবুকে সিনেমাটির অভিনেত্রী বাঁধন পুরস্কার পাওয়ার মুহূর্তটি ভা করে লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’
জাকিয়া বারী মম-ও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘আইএফএফআর-এর ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।’
‘মাস্টার’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এর গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে।