রমজান অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক: পিয়া জান্নাতুল
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও। মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে।–এমন দৃশ্য দেখা যায় ভিডিওটিতে। দৃশ্যটি মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে ছুঁয়েছে। তবে তাঁর খুব খারাপ লেগেছে যে, এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই মডেল।
ফেসবুকে এ নিয়ে একটি পোস্টে পিয়া লিখেছেন, ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সাথে ওর গল্প জুড়ে দিল।’
তিনি লিখেন, ‘ইমোশনাল কথা লিখে মার্কেটিং করল। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। আমার কাছে এটা খুব স্বার্থপর লাগে। একটা অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।’
এই অভিনেত্রী লেখেন, ‘এখন তো রমজান। আমরা নিজেরাই রোজা রেখে বুঝি খিদা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্টটা তো আমরা ফিল করি। তাহলে ভাবেন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’
দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।–এমন আহ্বানও জানিয়েছেন পিয়া।