কালচারাল ইয়ার্ড ডেস্ক:
অচেনা শহর, অপ্রত্যাশিত সফর আর তিন ভিন্ন মানুষের জীবনের মোড় ঘোরানো এক গল্প—এই উপাদানেই নির্মিত হয়েছে ওয়েব নাটক নীলাঞ্জনা এক্সপ্রেস।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে এটি দেখা যাবে অনলাইন সম্প্রচারমাধ্যম বঙ্গ-এ।
মাধ্যমটির সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণায় প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে—সব যাত্রাই কি শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য, নাকি কিছু যাত্রা আমাদের পাশের মানুষটিকে নতুন করে চিনিয়ে দেয়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে এই নাটক।
নাটকটির কাহিনি রচনা করেছেন মানব মিত্র এবং পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ঈশান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ফয়জুল ইয়ামিন, পারভেজ সুমনসহ আরও অনেকে।
চিত্রনাট্য প্রসঙ্গে মানব মিত্র বলেন, জীবনের পথে হঠাৎ কারও সঙ্গে দেখা হয়ে যাওয়া এবং সেই পরিচয় কীভাবে জীবনের অর্থ বদলে দেয়—এই ভাবনাকেই কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প।
গল্পের ভেতরে পথযাত্রা
নাটকে দেখা যাবে, বিদেশ থেকে আকস্মিকভাবে ঢাকায় ফেরা ভাষা নামের এক তরুণী দুর্ঘটনায় নিজের ব্যাগ ও মোবাইল হারিয়ে ফেলে। সে সিলেটে নিজের বাড়িতে ফিরতে চাইলেও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সিলেটগামী সব বাস বন্ধ। ঠিক সেই অসহায় মুহূর্তে তার পরিচয় হয় লিমনের সঙ্গে।
লিমন নিজের স্কুটিতে করে ভাষাকে সিলেট পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পথে তাদের দেখা হয় মানিক নামের এক বাসচালকের সঙ্গে। ধর্মঘট উপেক্ষা করে সেও সিলেট থেকে ঢাকায় এসেছে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে।
তিন ভিন্ন জীবনের তিনটি আলাদা গল্প এক সড়কে এসে মিলে যায়। ভালোবাসা, আস্থা, সংকট এবং জীবনের অপ্রত্যাশিত বাঁক—সব মিলিয়ে পথযাত্রাটি হয়ে ওঠে এক গভীর মানবিক অভিজ্ঞতা।
নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে চিত্রনাট্যকার জানান, নির্মাণপ্রক্রিয়া অত্যন্ত যত্ন নিয়ে সম্পন্ন হয়েছে। এখন দর্শকের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে এর সাফল্য।
বৃহস্পতিবার থেকে বঙ্গ-এ প্রচার শুরু হবে নীলাঞ্জনা এক্সপ্রেস।