বিশ্বের বিভিন্ন দেশের নতুন সিরিজ ও সিনেমা নিয়ে জমজমাট হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। থ্রিলার, ড্রামা থেকে শুরু করে অ্যানিমেশন—বিভিন্ন স্বাদের চারটি আলোচিত কনটেন্ট এখন দর্শকের নজরে। দেখে নেওয়া যাক সেগুলো সম্পর্কে সংক্ষেপে।
স্প্যানিশ ভাষার নতুন সিরিজ ‘দ্যাট নাইট’-এর গল্পে দেখা যায়, ডমিনিকান রিপাবলিকে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনায় একজনকে ধাক্কা দেন এলেনা। আতঙ্কে তিনি দুই বোনকে ফোন করে সাহায্য চান। ঘটনাস্থলে এসে বোনেরা বুঝতে পারেন, পরিস্থিতি বেশ জটিল। এরপর কীভাবে তারা এই বিপদ সামলাবে—তা নিয়েই এগোয় গল্প। ছয় পর্বের সিরিজটি পরিচালনা করেছেন জেসন জর্জ। অভিনয়ে আছেন ক্লাউদিয়া সেলস, ক্লারা গল ও পেড্রো ক্যাসাব্লাঙ্ক।
প্যাট্রিসিয়া কর্নওয়েলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে থ্রিলার সিরিজ ‘স্কারপেত্তা’। সিরিজটি তৈরি করেছেন এলিজাবেথ সর্নোফ। গল্পের কেন্দ্রে আছেন ফরেনসিক প্যাথলজিস্ট কে স্কারপেত্তা, যিনি জটিল সব অপরাধের রহস্য উদঘাটনে কাজ করেন। আট পর্বের এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। আরও রয়েছেন জেমি লি কার্টিস ও আরিয়ানা ডিবোস।
নতুন রহস্যকে ঘিরে আবারও পর্দায় ফিরেছে জনপ্রিয় অ্যানিমেশন জুটি জুডি ও নিক। একটি সাপকে ঘিরে শুরু হয় নতুন অভিযানের গল্প। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর দারুণ সাফল্য পাওয়া সিনেমাটি এবার এসেছে ওটিটিতে। ছবিটি পরিচালনা করেছেন জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড।
তেলেগু কমেডি–ড্রামা ‘ভারতা মাহাসালাকু বিগেপতি’ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। কিশোর ত্রিমালার পরিচালনায় নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা। অন্যান্য চরিত্রে আছেন আসিকা রঙ্গনাথ ও ডিম্পল হায়াথি। গত ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর এখন সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম।