মেয়েকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান।
৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলে গিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।