রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’ ও ‘আলী’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
৩৪তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। এ উৎসবে বাংলাদেশের দুটি ছবি জায়গা করে নিয়েছে। অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’ ছবিটি। ২১ ও ২৩ জুন উৎসবে দেখানো হবে তথ্যচিত্রটি। উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের আরেক সিনেমা ‘আলী’ প্রদর্শিত হবে। গত এপ্রিলে তথ্যচিত্রটি ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘লিভিং উইথ নেচার’ বিভাগে বিজয়ী হয়।
বাংলাদেশ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের ফায়াদ খান ও যুক্তরাজ্যের কার্স্টি ওয়েলস। পরিচালক ফায়াদ খান জানান, ‘বেস্ট ফিচার ডকুমেন্টারি ও বেস্ট সিনেমাটোগ্রাফি ইউকে—দুটি বিভাগে এটি প্রতিযোগিতা করবে।’
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরকে ঘিরে মানুষ ও হাতির মধ্যে তৈরি হয়েছে জটিল সংকট। ভূমি ও সম্পদের ওপর চাপ বাড়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে বিভিন্ন জাতিগত ও সামাজিক উত্তেজনাও বাড়ছে। ফলে রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় বাঙালি বাসিন্দা এবং আদিবাসী কৃষকেরা ভূমি, জীবিকা, স্বাধীনভাবে চলাচল ও নিরাপদ আবাসস্থলের জন্য কঠিন সংগ্রামের মুখোমুখি হচ্ছেন। মূলত সেই বিষয়গুলোই এই তথ্যচিত্রে উঠে এসেছে।