সিনেপ্লেক্সে সপ্তাহব্যাপী সামার ফেস্ট: চলবে চার আলোচিত সিনেমা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সামার ফেস্ট’। যেখানে প্রদর্শিত হতে যাচ্ছে আলোচিত চারটি বাংলা সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব-ঈধিকা অভিনীত বরবাদ, রায়হান রাফী পরিচালিত তাণ্ডব, তানিম নূরের উৎসব ও বনলতা এক্সপ্রেস।
সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় ছবিগুলো উপভোগ করতে পারবেন বলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে। এর মাধ্যমে ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত চার সিনেমা একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এমন আরো অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এমন ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সিনেমাগুলোর প্রদর্শনসূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে।
বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াতে এবং বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে উৎসবমুখর করে তুলতেই এই আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার অপেক্ষা, এক সপ্তাহের এই বিশেষ উৎসবে দর্শকদের সাড়া কতটা পাওয়া যায়।