দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তিনি। তবে অবশেষে চলে গেলেন চিরতরে। তিনি নৃত্য পরিচালক জাকির হোসেন। ২৩ জুন মঙ্গলবার সকালে রাজধানির মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গণমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাগ্নে মনির। প্রবাস থেকে চিত্রনায়ক জায়েদ খানও খবরটি জানিয়েছেন। তার সঙ্গে জাকির হোসেনের যোগাযোগ ছিল, একসঙ্গে কাজও করেছেন তারা।
জায়েদ খান বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’
জাকির হোসেন অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফেরেন, চিকিৎসকের পরামর্শমতে চলছিল চিকিৎসা। ভালো চিকিৎসার জন্য সরকারি সহায়তাও চেয়েছিলেন শিল্পীর পরিবার। কিন্তু আর ফেরা হয়নি।
ঢাকাই ছবির পরিচিত নৃত্য পরিচালকদের একজন জাকির হোসেন। দীর্ঘদিন ধরে বহু ছবির নৃত্য পরিচালনা করেছেন। এছাড়া কিছু ছবিতে তাকে অভিনয় করতেও দেখা গেছে।