বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটিকে ঘিরে সপ্তাহান্তেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই আলোচিত জুটি।
খবরে বলা হচ্ছে, নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আয়োজন হতে পারে। যদিও টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি—কেউই এখন পর্যন্ত এসব খবরের সত্যতা নিশ্চিত করেননি।
তবে গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে ভেন্যুকে ঘিরে বিভিন্ন প্রস্তুতির খবর। দাবি করা হচ্ছে, সেখানে সাজসজ্জার কাজ করতে দেখা গেছে কর্মীদের। এছাড়া ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ওই এলাকার কিছু সড়ক বন্ধ রাখার পরিকল্পনাও জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২ জুলাই রিহার্সাল ডিনারের মাধ্যমে উৎসব শুরু হওয়ার কথা। এরপর ৩ জুলাই অনুষ্ঠিত হতে পারে বিয়ের মূল অনুষ্ঠান এবং একই সন্ধ্যায় হবে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা।
এ আয়োজনে এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে দাবি করা হয়েছে। অতিথিদের গোপনীয়তা রক্ষার চুক্তিতে (NDA) সই করতে হতে পারে এবং পুরো অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকবে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, কিংবদন্তি গায়িকা স্টিভি নিকস এবং কান্ট্রি সংগীত তারকা টিম ম্যাকগ্রো অনুষ্ঠানে পরিবেশনা করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। এ সব তথ্য এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। টেইলর সুইফট বা ট্রাভিস কেলসির পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।