কালচারাল ইয়ার্ড ডেস্ক:
চলে গেলেন বিশ্বখ্যাত গান ‘Party Rock Anthem’-এর অন্যতম কণ্ঠশিল্পী, ব্রিটিশ গায়িকা লরেন বেনেট। মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ৩৭ বছর।
৬ জুলাই সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সংগীতদল জি.আর.এল. (G.R.L.) এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়ে বলেছে, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় লরেন আর নেই। আমাদের হৃদয় ভেঙে গেছে। তিনি আমাদের কাছে কতটা মূল্যবান ছিলেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
বিবৃতিতে আরও জানানো হয়, “তাঁর ভালোবাসা, হাসি আর অসংখ্য স্মৃতি আমরা চিরকাল মনে রাখব। তাঁর সুন্দর আত্মা অসংখ্য মানুষের জীবন স্পর্শ করেছে। তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”
অন্যদিকে, সাবেক ব্যান্ডসঙ্গী আরিয়া ক্রেসেন্ডো ইনস্টাগ্রামে আবেগঘন শ্রদ্ধা জানিয়ে লেখেন, “শান্তিতে ঘুমাও, লরেন। তুমি ছিলে আমার বোন, আমার সবচেয়ে ভালো বন্ধু। বিশ্বাসই করতে পারছি না, তুমি আমাদের ছেড়ে চলে গেছ। ঘটনার মাত্র এক সপ্তাহ আগে আমাদের কথা হয়েছিল। তখন কল্পনাও করিনি, সেটিই হবে আমাদের শেষ কথা। তোমাকে চিরকাল ভালোবাসব এবং মিস করব।”
লরেন বেনেটের পরিচিতি:
লরেন বেনেট সবচেয়ে বেশি পরিচিতি পান এলএমএফএও (LMFAO)-এর ২০১১ সালের সুপারহিট গান ‘Party Rock Anthem’-এ কণ্ঠ দেওয়ার মাধ্যমে। বিলবোর্ড-এর তথ্যমতে, গানটি সর্বকালের পঞ্চম সফলতম গানের তালিকায় রয়েছে। ২০১১ সালে এটি টানা ছয় সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। গানটির মিউজিক ভিডিওতে লরেনকেও দেখা যায়। ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত ২৫০ কোটিরও বেশি বার দেখা হয়েছে।
২০১৪ সালে লরেন যোগ দেন পপ গার্ল গ্রুপ জি.আর.এল. (G.R.L.)-এ। এটি ছিল জনপ্রিয় মার্কিন গার্ল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস (The Pussycat Dolls)-এর নতুন সংস্করণ। দলে তাঁর সঙ্গে ছিলেন পলা ভ্যান ওপেন, নাতাশা স্লেটন, সিমোন ব্যাটল এবং এমালিন এস্ট্রাডা।
জি.আর.এল.-এর সবচেয়ে জনপ্রিয় গান ‘Ugly Heart’, যা ২০১৪ সালে প্রকাশিত হয়। একই বছর তারা র্যাপার পিটবুল-এর ‘Wild Wild Love’ গানেও অংশ নেন। তবে ২০১৫ সালে দলের সদস্য সিমোন ব্যাটল আত্মহত্যার পর দলটি ভেঙে যায়।
সংগীতজীবনে লরেন বেনেট ‘Date Night’ ও ’21 Jump Street’ সিনেমার সাউন্ডট্র্যাকেও কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া তিনি প্যারাডিসো গার্লস (Paradiso Girls) নামের আরেকটি গার্ল গ্রুপের সদস্য ছিলেন, যা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার রবিন অ্যান্টিন ইউরোপীয় বাজারকে লক্ষ্য করে গঠন করেছিলেন।