‘গুলশানের চামেলী’র মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটছে মধুমিতা সরকারের
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি এবার যাত্রা শুরু করছেন ঢাকাই সিনেমায়। ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হচ্ছে। ১ আগস্ট শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত। এ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ঢালিউডে যাত্রার জন্য।
মধুমিতা জানান, তিনি সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। তিনি জানান এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।
তিনি বলেন, ‘আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে। আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।’ মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’।
বাংলাদেশের চলচ্চিত্রে মধুমিতা সরকারের অভিষেকে দুই বাংলার দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে‘গুলশানের চামেলী’ সিনেমাটি নির্মিত হচ্ছে। নির্মাতা জানান, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।