স্পিরিচুয়াল ব্যান্ডের ‘পেছনের গল্প’ শ্রোতাদের সামনে আসছে শীঘ্রই। এই অ্যালবামের আটটি গান। অ্যালবামটি একসঙ্গে প্রকাশ না করে ধাপে ধাপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ব্যান্ডটি।
অ্যালবামের প্রথম গান ‘দুঃস্বপ্ন’ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে। এর মধ্য দিয়েই শুরু হবে ‘পেছনের গল্প’-এর গান প্রকাশের যাত্রা।
স্পিরিচুয়াল‘দুঃস্বপ্ন’-এর পর অ্যালবামের বাকি গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করবে। ব্যান্ড সদস্যরা বলছেন, ২০২৬ সালের মধ্যেই আটটি গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
তারা জানান, অ্যালবামের প্রতিটি গানকে আলাদাভাবে প্রকাশ করার এই পরিকল্পনায় শ্রোতারা ধীরে ধীরে পুরো অ্যালবামের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
স্পিরিচুয়ালের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং বিশ্বের প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোতে ‘পেছনের গল্প’-এর গানগুলো পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটউনস, অ্যামাজন মিউজিকসহ অন্যান্য জনপ্রিয় স্ট্রিমিং ও মিউজিক প্ল্যাটফর্ম।
দীর্ঘ ১৬ বছরের সংগীতযাত্রার পর নতুন অ্যালবাম নিয়ে স্পিরিচুয়ালের এই আয়োজন তাই ব্যান্ডটির জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায়। আর সেই অধ্যায়ের শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ‘দুঃস্বপ্ন’ প্রকাশের মধ্য দিয়ে।