বড়পর্দায় আসছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ আর জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান।
এ সিনেমায় পাওয়া যাবে মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ। একাত্তরের মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দুই বোনের জীবনে যে করুণ পরিণতি নিয়ে আসে তারই আখ্যান “নকশীকাঁথার জমিন”।
দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি দেখা যাচ্ছে অক্টোবর থেকেই। কিন্তু এবার বিজয়ের মাস ডিসেম্বরে সিনেমাটি আসছে বড়পর্দায়।
‘নকশী কাঁথার জমিন’ এর একটি ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। সেখান থেকে জানা যায়, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটি দেখানো হবে।
ইভেন্টে জয়া আহসান বলেছেন, লাখো বাঙালির জীবন দিয়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে হাসান আজিজুল হক রচিত বিধবাদের কথা অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আকরাম খান নির্মিত “নকশীকাঁথার জমিন” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
এই বিশেষ প্রদর্শনীর জন্য হল ভাড়া এবং আবশ্যিক ইউটিলিটি বিলের খরচ নির্বাহের উদ্দেশ্যে সর্বনিম্ন টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে, ছাত্র-ছাত্রী ১৫০ টাকা এবং পেশাজীবী ২০০ টাকা। আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতেও অনুরোধ জানানো হয়েছে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে।
জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি অভিনয় করেছেন দুেই বোনের চরিত্রে। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে অভিনয় করেছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।