আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম। নতুন বছরের ২৯ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হতে যাচ্ছে এই উৎসবের ৫৫তম আসর। আর এই উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা ‘রইদ’, ‘দেলুপি’ ও ‘মাস্টার’। এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেজবাউর রহমান সুমনের রইদ
‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনে দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ রটারড্যাম উৎসবে করবে ছবির প্রিমিয়ার। ছবিটিউৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অংশ নিচ্ছে। যা বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমার ইতিহাসে এক অনন্য অর্জন।
রইদ-এর গল্প আবর্তিত হয়েছে সাধু, তাঁর পাগল স্ত্রী আর বাড়ির পাশের একটি তালগাছ–এই তিনকে ঘিরে। এই সরলতার ভেতর দিয়েই হাজার বছরের আদিম গল্প তুলে ধরেছেন নির্মাতা। সুমন বলেন, ‘সাধু, তাঁর পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়; বরং অনুভূতির বর্তমানে। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’
এই ছবির প্রতিটি ফ্রেমে যেন গ্রামীণ বাংলার গন্ধ। চিত্রশিল্পী এস এম সুলতানের ক্যানভাস থেকে উঠে আসা পেশিবহুল কৃষক, বিস্তীর্ণ মাঠ, নিঃসঙ্গ আকাশ। মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতদের অভিনয়ে সেই অনুভব আরও গভীর হয়েছে। বঙ্গ প্রযোজিত এই সিনেমা উৎসব শেষে দেশের হলে মুক্তি পাবে–সে অপেক্ষায় এখন দর্শক।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার
একই উৎসবে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে অংশ নিচ্ছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবির গল্প গড়ে উঠেছে এক শিক্ষক–জহির আহমেদকে কেন্দ্র করে।
সমাজসেবায় জনপ্রিয় এই মানুষটি হঠাৎই স্থানীয় রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়েন। উপজেলা নির্বাচনে প্রার্থীর অভাব। তখন এলাকাবাসীর অনুরোধে ভোটে দাঁড়ান জহির। জয় পান, হন চেয়ারম্যান। ক্ষমতা মানুষের ভেতরের মানুষটিকে কোথায় নিয়ে যায়–সেই প্রশ্নই মাস্টারের মূল সুর।
নাসির উদ্দিন খানের সংযত অথচ শক্ত অভিনয়ে জহির চরিত্রটি যেন আমাদের চেনা অনেক মুখের প্রতিচ্ছবি। আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জরা ছবির রাজনীতিকে আরও বাস্তব করে তুলেছেন। উল্লেখযোগ্য বিষয়, সরকারি অনুদানে নির্মিত এই ছবির শুটিং-পরবর্তী কাজ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আন্তর্জাতিক কারিগরি সহযাত্রা মাস্টারকে দিয়েছে আলাদা মাত্রা। এটি কেবল একটি রাজনৈতিক গল্প নয়, বরং ক্ষমতা ও নৈতিকতার সংঘর্ষের এক নির্মম পাঠ।
মোহাম্মদ তাওকীর ইসলামের দেলুপি
এদিকে রটারড্যামে যাচ্ছে আরেকটি আলাদা স্বরের সিনেমা–মোহাম্মদ তাওকীর ইসলামের দেলুপি। গত নভেম্বরে দেশের হলে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার রটারড্যাম উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে হবে এর আন্তর্জাতিক প্রিমিয়ার।