কালচারাল ইয়ার্ড ডেস্ক:
শীতের নগরী ঢাকায় শুরু হয়েছে বান্দরবানের ম্রো আদিবাসীদের অংশগ্রহণে ‘পাওমুম পার্বন ২০২৫-লামা’ উৎসব। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে ভিড় করছেন সংস্কৃতমনা নগরবাসী।
১৭ ডিসেম্বর বুধবার শুরু হয়েছে এ উৎসব। ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা (রোববার বন্ধ) চলবে এ উৎসব। এ উৎসবে ম্রো ভাষা, শিল্পকলা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি প্রথমবারের মত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ রয়েছে।
শিশুদের তৈরি শিল্পকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুননের প্রদর্শনী, শর্ট ফিল্ম এবং লাইভ পারফরম্যান্স–যেমন ম্রো নৃত্য, গান ও ঐতিহ্যবাহী প্লাং বাঁশি উপস্থাপন করা হচ্ছে উৎসবে। এছাড়া রয়েছে সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপ।
লামায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়নির্ভর বিদ্যালয়। এটি গত দশ বছরের বেশি সময় ধরে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছে।
পাওমুম থারক্লার সহ-প্রতিষ্ঠাতা, শাহরিয়ার পারভেজ জানিয়েছেন, স্কুলটি শুরু হয়েছিল একটি ছোট বাঁশের ঝুপড়িতে, মাত্র কয়েকজন শিশুকে নিয়ে। এক দশকের বেশি সময় ধরে শিক্ষার মাধ্যমে তাদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি জানান, পাওমুম পার্বন ২০২৫’ শিশুদের জন্য একটি অনন্য সুযোগ, যাতে তারা পাহাড়ের বাইরে নিজেকে তুলে ধরতে পারে। তিনি সমস্ত অংশীদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দর্শকরা প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি শিশু ও সম্প্রদায়ের সঙ্গে মিশে ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
অংশীদারদের মধ্যে রয়েছে প্রাচ্যনাট থিয়েটার (থিয়েটার পার্টনার), টুগেদার ফর বাংলাদেশ (ইভেন্ট ম্যানেজমেন্ট ও ভলান্টিয়ার পার্টনার), ঝিড়ঝিড় প্রাইভেট লিমিটেড (কনসার্ট পার্টনার), গ্রাম চা ইনিশিয়েটিভ (ফুড পার্টনার) এবং কার্টুন পিপল (প্রদর্শনী ও ডেকোরেশন পার্টনার)। ভেন্যু ও লজিস্টিকস পার্টনার হিসেবে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা।