কালচারাল ইয়ার্ড ডেস্ক:
মুক্তি পাচ্ছে সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। ছবিটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। পরিচালনা করেছেন আহমেদ হাসান সানি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের মানুষের লড়াই, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন, চব্বিশের গণ-অভ্যুত্থানসহ দেশের সুদীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প উঠে এসেছে এই সিনেমায়।
বছরের শেষে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও পিছিয়ে নির্বাচনের আগে মুক্তির কথা বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ১৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
২১ ডিসেম্বর সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনেমাটি এ বছর মুক্তি না দিয়ে নতুন বছরে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয় শিল্পী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ।
সিনেমাটির নির্মাণ প্রসঙ্গে পরিচালক আহমেদ হাসান সানি বলেছেন, রাজনৈতিক আলাপের অভ্যাসটা জরুরি। মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। আমরা সারা জীবন দেখে এসেছি হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ করাকে ট্যাবু হিসেবে দেখেছি আমরা। এই ট্যাবুকে ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্বসহ অনেকে।