দেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীণ নেত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে দেশের সকল মানুষের সঙ্গে শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গণও শোকাহত। খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন চলচ্চিত্র, নাটকের অভিনয়শিল্পী, নির্মাতা ও শিল্পীরা।
শাকিব খান
তার মৃত্যুতে ফেইসবুকে শোক জানিয়ে পোস্ট দিয়েছেন ঢালিউড কিং চিত্রনায়ক শাকিব খান। খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
জয়া আহসান
অভিনেত্রী জয়া আহসান তাঁর ফেসবুকে লিখেছেন, “তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।” জয়া বলেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে।”
খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতার প্রশংসা করে জয়া আরও বলেন, “সামরিক–শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হল। “তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।”
শোক জানিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেছেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।“
ব্যান্ড মাইলসের গায়ক হামিন আহমেদ বলেছেন, ‘একটি যুগের অবসান’ । তিনি বলেন, “চারদিকে ষড়যন্ত্রকারী এবং দুষ্ট লোকে ভরা সেই যুগে মাননীয়া বেগম খালেদা জিয়া সততা, দেশপ্রেম এবং সংকল্পে সবচেয়ে উঁচুতে ছিলেন। গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। আল্লাহ তার আত্মাকে জান্নাত নসিব করুন।”
খালেদা জিয়ার পুরনো একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, “এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো।”
তিনি বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।”
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট দিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।
নির্মাতা আশফাক নিপুণ ফেইসবুকে লিখেছেন, “আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে সব সময় গর্বের সঙ্গে স্মরণ করবে।”
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সংগীতশিল্পী পড়শী লিখেছেন, “কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।”