দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর শুটিংয়ের কাজে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিয়মিত কাজ করা এই অভিনেত্রী শুটিং ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কার নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, শ্রীলঙ্কার একটি বিলাসবহুল পাঁচতারকা হোটেল ও সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন ফারিণ। কখনো হোটেলের সামনে, কখনো আবার সমুদ্রের ধারে বসে অবসর সময় উপভোগ করতে দেখা গেছে তাকে।
উল্লেখ্য, কয়েক মাস আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিণ। তখন তিনি অডিশন দিতেও প্রস্তুত বলে জানান। জবাবে শাকিব খান বলেন, তার অডিশনের প্রয়োজন নেই। এরপর থেকেই ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ফারিণের অভিনয় নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আরও অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ আরও অনেকে।
নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। দেশের বাইরে শুটিং এবং তারকাবহুল এই সিনেমা শুরু থেকেই দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিং ও নির্মাণকাজে বিলম্ব হওয়ায় সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গত ১৪ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অভিনেতা সিয়াম আহমেদ। পরদিন থেকেই তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’-এর শুটিংয়ে অংশ নেন। এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ২৮ সদস্যের একটি ইউনিট নিয়ে শ্রীলঙ্কায় শুটিং চলছে, যা চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।