ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই ‘হোটেল তেহরান’ নামে একটি সিনেমা মুক্তি দেওয়ার কথা শোনা যাচ্ছে। সিআইএর অভিযান নিয়ে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছে হলিউডের পরিচালক গাই মোশে।
চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’। ‘হোটেল তেহরান’ পরিচালনার পাশাপাশি গাই মোশে মার্ক বাক্কির সঙ্গে মিলে ছবিটির চিত্রনাট্য করেছেন। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন হলিউডের দুই হেভিওয়েট লিয়াম নিসন ও জ্যাকারি লেভি।
আফগানিস্তানে এক মিশনে ব্যর্থ হন তেহরানে দুই সিআইএ এজেন্ট ল্যারি ও টাকার। তাদের ও তাদের দলের একটি উদ্ধার অভিযানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনী।
ল্যারি চরিত্রে আছেন নিসন আর টাকার চরিত্রে অভিনয় করছে লেভি। এছাড়া আরও অভিনয় করছেন কুইন্সি আইসেয়া, জেইক চোই ও অগুস্তো আগিলেরা ও এলনাজ নোরুজি।
‘হোটেল তেহরান’ নিয়ে নির্মাতা মোশে বলেন, “হোটেল তেহরান একটি রোমাঞ্চকর যাত্রা যেখানে আনুগত্য, দায়মুক্তি ও যুদ্ধে মানবজীবনের ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়েছে।” সিআইএর সাবেক গোয়েন্দা ব্যাজেল বাজের কাছ থেকে এই সিনেমার গল্পের কাহিনীসূত্র পেয়েছেন মোশে। মার্ক বাক্কির সঙ্গে মিলে মোশে চিত্রনাট্য লিখেছেন এই সিনেমার জন্য।