জাপানি অ্যানিমেশন জগতের অন্যতম প্রভাবশালী নির্মাতা এবং জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো।
১৭ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শিশুতোষ এই বহুল জনপ্রিয় সিরিজ ‘ডোরেমন’-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে জড়িত ছিলেন তিনি এবং পরিচালকের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের সহকর্মীরা।
বিশ্বজুড়ে ‘ডোরেমন’-কে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পেছনে শিবায়ামার অবদান ছিল অসামান্য। তার হাত ধরেই নবিতা, শিজুকার মতো চরিত্রগুলো দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলে।
১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান গড়ে তুলে অ্যানিমেশন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘ডোরেমন’ ছাড়াও ‘চিবি মারুকো’ ও ‘নিন্তামা রান্তারো’-এর মতো জনপ্রিয় সিরিজ এবং একাধিক চলচ্চিত্র নির্মাণে যুক্ত ছিলেন এই গুণী নির্মাতা। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আজীবন সম্মাননা পান সুতোমু শিবায়ামা।