আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘সুপারম্যান’-এর অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। ২৩ মার্চ সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে নিজ বাসভবনে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভ্যালেরি দীর্ঘ দিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন।
তার ঘনিষ্ঠ বন্ধু স্টেসি সাউদার সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, ভ্যালেরি অত্যন্ত সাহসের সঙ্গে এই রোগের মোকাবেলা করেছেন। তার শেষ বিদায়ে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য একটি ‘গোফান্ডমি’ পেজও চালু করা হয়েছে।
১৯৭৮ সালের ‘সুপারম্যান: দ্য মুভি’ ও ১৯৮০ সালের ‘সুপারম্যান ২’-তে লেক্স লুথরের প্রেমিকা ‘ইভ টেশম্যাকার’ চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। ১৯৭৪ সালে ‘লেনি’ চলচ্চিত্রে ডাস্টিন হফম্যানের স্ত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুতে তিনি লাস ভেগাসে ‘শো-গার্ল’ হিসেবে কাজ করতেন। পরে ‘স্লটারহাউস-ফাইভ’, ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ ও ‘দ্য ইলেকট্রিক হর্সম্যান’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেন। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে ভ্যালেরি জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়া তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। একটি নৈশভোজে এক এজেন্টের নজরে পড়াই তার জীবন বদলে দেয়। মাঝে ‘ক্যান্ট স্টপ দ্য মিউজিক’ ছবিটি সমালোচিত হওয়ায় তিনি কিছুটা ভেঙে পড়েছিলেন, তবে হলিউডে তার অভিনয় দক্ষতা সবসময়ই প্রশংসিত হয়েছে।