কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পেরিয়েছে। তবে কতার মৃত্যু নিয়ে ছেড়েনি রহস্যের জাল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদহ পাওয়া যায়। এ নিয়ে সালমান শাহর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
৮ আগস্ট শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সালমান শাহর হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন শাবনূর। ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামের ওই স্ট্যাটাসে তিনি রিজভীর বিভিন্ন সময়ের পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরেন।
শাবনূর দাবি করেন,
১৯৯৭ সালে আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্য থেকেও ভিডিও বার্তায় একই ধরনের দাবি করেন তিনি। তবে ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী দাবি করেন, তিনি সালমান শাহর মৃত্যুর সঙ্গে জড়িত নন এবং অভিনেতা আত্মহত্যা করেছিলেন।
শাবনূর বলেন,, সাম্প্রতিক সময়েও দেওয়া সাক্ষাৎকারে রিজভী সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। পাশাপাশি তার ও সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শাবনূর জানতে চান, রিজভীর কোন বক্তব্যটি সত্য।
রিজভীর সঙ্গে নিজের কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক ছিল না বলেও দাবি করেন শাবনূর। এমনকি রিজভী তাকে সাবেক প্রেমিকা এবং ২০১৬ সালে বিয়ে হয়েছিল বলে যে দাবি করেছেন, সেটিও সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। শাবনূর প্রশ্ন তোলেন, রিজভী দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকলেও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি বাংলাদেশে ছিলেন, তাহলে তাদের বিয়ে কোথায় এবং কীভাবে হলো।
এ ছাড়া সালমান শাহকে ব্ল্যাকমেইল করা কিংবা তার মৃত্যুর জন্য দায়ী থাকার অভিযোগও অস্বীকার করেন শাবনূর। তার দাবি, রিজভীর নাম তিনি প্রথম শুনেছেন সালমান শাহর মৃত্যুর পর। ফলে তাকে নিয়ে রিজভীর সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে রিজভীর আরও কিছু বক্তব্য নিয়েও প্রশ্ন তুলে শাবনূর বলেন, রিজভী বিভিন্ন সাক্ষাৎকারে এমন কিছু দাবি করেছেন, যেগুলো বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য কি না, তা পাঠক-দর্শকরাই বিচার করবেন।
সবশেষে শাবনূর স্পষ্ট করেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং অভিনেতা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। সালমান শাহকে প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ উল্লেখ করে তিনি বলেন, একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হওয়া উচিত।