অভিনেত্রী এলিনা শাম্মী অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর মাথায় গুরুতর আঘাত লেগেছে এলিনা শাম্মীর। তার কপাল ও মাথার দুটি স্থানে মোট ১৫টি সেলাই লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি দিয়েছেন। সেখানে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে তাকে।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এলিনা শাম্মী জানিয়েছেন, অটোরিকশাটি দ্রুতগতিতে চলছিল। পথে একটি পাথরজাতীয় বস্তু চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক একদিকে ছিটকে পড়েন এবং এলিনা রাস্তায় পড়ে যান। পরে অটোরিকশাটিও তার ওপর পড়ে যায়। এ সময় রিকশার চাকার একটি অংশের স্ক্রু তার কপালে আঘাত করে বলে জানান তিনি। আহত হওয়ার পরও নিজেই একটি অটোরিকশায় করে হাসপাতালে যান অভিনেত্রী। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও মাথায় সেলাই দেওয়ার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি।
দুর্ঘটনার দিন তার সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল বলে জানিয়েছেন। তবে দুর্ঘটনার কারণে সেই শুটিংয়ে অংশ নিতে পারেননি।