কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী নানা নাটকীয়তার মধ্যে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কার্যনির্বাহী সদস্য রোজিনা পদত্যাগ করেছেন। তার পথ ধরে এবার পদ ছেড়ে দিচ্ছেন একই প্যানেলের চিত্রনায়ক রুবেলও। তবে তিনি এই পদে হেরে যাওয়া রিয়াজকে দেখতে চান বলে জানিয়েছেন।
দুই দিনের মধ্যে রুবেল চলচ্চিত্র সমিতির পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি। নিজের বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন বলেও তিনি পদত্যাগ করছেন-এমনটা জানিয়েছেন রুবেল।
আরও পড়ুন : অবশেষে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন নিপুণ
রুবেল বলেন, ‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। রিয়াজ কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিলেন। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে। ’
চলতি বছর রুবেল ওমরাহ পালন করবেন জানিয়ে তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে প্রায় তিনশ’ উপজেলায় কারাটে প্রশিক্ষণ করাবেন তিনি। সব মিলিয়ে বছরজুড়ে তিনি খুব ব্যস্ত থাকবেন।, তাই সমিতিতে সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত আরও খবর
→ শপথ নিলেন কাঞ্চন-নিপুণরা, ছিলেন মিশা, অনুপস্থিত অন্য প্যানেলের বিজয়ীরা
→ অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন: জায়েদ খান
গেলো ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল নির্বাচিত হন। এদিকে একই পদে ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজলও নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন।